
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, ঋণ বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য মোঃ আয়নুল হক।
আলোচনা সভায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য ও সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোঃ শামসুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার ও শামছুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদিরসহ ধানগড়া, ব্রহ্মগাছা ও সোনাখাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।