
সাহেদ রানা (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ভুয়া ডিবি পরিচয়ধারী সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এক ভুক্তভোগী পুলিশ সুপারের কার্যালয়ে এসে অভিযোগ করেন, গত ২ জুলাই দুপুরে বলিহার বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি বাজারে তার ভাগ্নের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা দেন। পথে ইন্টিতলা মোড় থেকে প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ শোনার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠান। একই সঙ্গে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের অন্যতম সদস্য ও দলনেতা সুমনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন নিজেকে সবার কাছে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিত। সে দাবি করত, একজন ডিবি সদস্যকে হত্যার কারণেই তার নাম ‘ডিবি সুমন’ হয়েছে।
গ্রেফতারের পর জেলা গোয়েন্দা শাখায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি, মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১০টি মামলা রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।