
জাতীয় নাট্যশালা ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ১১তম মহাসমাবেশে বিশেষ অবদানের জন্য ‘সড়কযোদ্ধা’ হিসেবে সম্মাননা পদক পেয়েছেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আবদুস সালাম।
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মহাসমাবেশে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব লিটন এরশাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ পদক প্রদান করেন।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মো. আবদুস সালাম নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, এই সম্মাননা আগামী দিনে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সামাজিক সচেতনতা গড়ে তোলার কাজে তাঁকে আরও অনুপ্রাণিত করবে।