
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১০১ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয়। অপরদিকে ১০০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের উপায়’ শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত চূড়ান্ত বিতর্কে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধ ও দমন, সামাজিক সচেতনতা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিমাংশু দাস এবং দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস।
দোয়ারাবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামিমের সভাপতিত্বে এবং দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গৌছুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, যুক্তিনির্ভর চিন্তাচর্চার বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।