
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আগামী সোমবার (১২ অক্টোবর) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, সোমবার অনুষ্ঠিতব্য কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কতটি ধাপে এবং কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। বরং কমিশনের সভায় নির্বাচনের নির্ধারিত সময়সূচি বা স্লট চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মূল তফসিল ঘোষণা করবেন।
নির্বাচন কমিশনের এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অপেক্ষায় থাকা সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।