
শান্ত দে (দুর্গাপুর উপজেলা প্রতিনিধি): নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাধারণ মানুষের ভালোবাসা আর নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে সিক্ত হলেন নেত্রকোণা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সৌজন্য সাক্ষাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের সাথে মিলিত হন তিনি।
বিজয়ের পর প্রথমবার জনসম্মুখে এসে ব্যারিস্টার কায়সার কামাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এই অর্জনকে তৃণমূলের শক্তির বিজয় হিসেবে অভিহিত করেন।
বক্তব্যের শুরুতেই তিনি মাঠ পর্যায়ের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন “এই বিজয় আমার ব্যক্তিগত কোনো অর্জন নয়; এই বিজয় রাজপথের সেই সব লড়াকু সৈনিকদের, যারা শত প্রতিকূলতার মাঝেও আমার হাতকে শক্তিশালী করেছেন। আপনাদের নিঃস্বার্থ ত্যাগই আজ আমাদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।”
বিজয় উদযাপনে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন:
বিজয়ে অতি উৎসাহিত হয়ে কারও সাথে অহেতুক বিবাদ বা তর্কে জড়ানো যাবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার কায়সার কামালের এই দায়িত্বশীল অবস্থান দুর্গাপুর ও কলমাকান্দার সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।