
মুহাম্মদ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
উলিপুর (কুড়িগ্রাম), ২২ ফেব্রুয়ারি ২০২৬:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উলিপুর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইন চার্জ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় সাংবাদিকরা।
এছাড়াও বাজার এলাকায় যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।