
শামীম রেজা ভ্রাম্যমান প্রতিনিধি আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খোরদ গ্রামে ইউডিএফ প্রকল্পের আওতায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অনিয়মের ছবি তুলতে গেলে স্থানীয় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা এলাকায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
জানা গেছে, ৫২৫ ফুট রাস্তা নির্মাণে প্রায় ৮ লাখ টাকার টেন্ডার পায় জাহিদুল এন্টারপ্রাইজ। কাজ শুরুর পর থেকেই নিম্নমানের ইট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এসব অনিয়মের তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে স্থানীয় দৈনিক খাস খবর পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম চঞ্চল ও অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল ডিও–এর সাংবাদিক ভ্রাম্যমাণ প্রতিনিধি আলমডাঙ্গা শামীম রেজা কে ঠিকাদার জাহিদুল ও তার আত্মীয়স্বজনরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিম্নমানের (২ ও ৩ নম্বর) ইট দিয়ে হেরিং কাজ চলার ছবি তুলতে গেলে ঠিকাদার পক্ষ হুমকি-ধামকি শুরু করে। একপর্যায়ে স্থানীয় কিছু লোকজনের সহায়তায় সাংবাদিকরা ছবি তুললে ঠিকাদারের আত্মীয়স্বজন এসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি মুছে ফেলার চেষ্টা করা হয় এবং গায়ে হাত তোলার ঘটনাও ঘটে বলে অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ঠিকাদার পক্ষ প্রভাব খাটিয়ে কিছু লোককে নিজেদের পক্ষে নিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। ফলে অনেকেই অনিয়ম দেখেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তাদের তথ্য সংগ্রহে সরাসরি বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
এ বিষয়ে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান (সোহান) বলেন, “দুই নম্বর ইট ব্যবহারের বিষয়টি দেখেছি আমি ফোনে জিজ্ঞাসা করি। তারা বলে ভুল করে চলে এসেছে। যেহেতু টেন্ডারের মাধ্যমে কাজ এরপর আর কিছু জানি না।”
এ ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলেছে,কাজে যদি স্বচ্ছতা থাকে, তাহলে সাংবাদিকদের উপস্থিতিতে এত আপত্তি কেন? স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের অপচেষ্টা ঢাকতেই এমন ন্যাক্কারজনক আচরণ করা হয়েছে।
খোরদবাসী অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিম্নমানের কাজ বন্ধ করে সঠিক মান বজায় রেখে রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।