
স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।
বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, “নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ। সমাজে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মো. জসিম উদ্দিন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে নারী অধিকার প্রতিষ্ঠা, কন্যাশিশুদের সুরক্ষা এবং টেকসই উন্নয়নে নারীদের সমান অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।