
মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-বড়দৈল-কাচিয়ারা সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে কাদাময় হয়ে পড়ে, ফলে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া কৃষিপণ্য পরিবহনেও বাড়ছে দুর্ভোগ ও অতিরিক্ত ব্যয়।
এলাকাবাসী জানান, সড়কের অনেক অংশে ইট-পাথর উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের সময় যানবাহন চলাচলে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, “এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। অথচ বছরের পর বছর ধরে সড়কের কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।