
মোঃ ছিয়াম হোসেন,ষ্টাফ রিপোর্টার (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার কোমরে বালির একটি বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
নিহত হাসিনা খাতুন উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ চার দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিখোঁজের চার দিন পর খাল থেকে মরদেহ উদ্ধার এবং কোমরে বালির বস্তা বাঁধা থাকার ঘটনায় ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।