
ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে শুরু হয়েছে জোরালো তৎপরতা।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে শ্রীমঙ্গল চৌমুহনা হতে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। এ সময় রাস্তার উপর বসানো দোকানগুলো সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং এতে যানজট আরও তীব্র আকার ধারণ করেছিল।
অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরের বাস কাউন্টার এলাকাও পরিদর্শন করেন। সেখানে একসাথে একাধিক গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে বাস কাউন্টারের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং শৃঙ্খলা বজায় রেখে গাড়ি রাখার নির্দেশনা দেন। এ সময় তিনি বাস কাউন্টার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন কোনোভাবেই আদায় করা না হয়।
দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলোতে যানজট সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিন ব্যস্ত সময়ে যানবাহনের অতিরিক্ত চাপ এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাবে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এই পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল থানা পুলিশ।