
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
মৌলভীবাজার শহরে টমটম ভাড়া নিয়ে টানা কয়েকদিনের অস্থিরতা, জনঅসন্তোষ ও অনিয়মের প্রেক্ষাপটে অবশেষে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় রুটভিত্তিক নির্ধারিত ভাড়া ও যাত্রীসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন থেকে প্রতিটি টমটমে সর্বোচ্চ ৬ জন যাত্রী বহনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগে ৮ জন পর্যন্ত ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সৃষ্ট ঝুঁকি ও যাত্রীভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত ভাড়া কাঠামো অনুযায়ী,
ঢাকা বাস স্ট্যান্ড–কুসুমবাগ: ১০ টাকা,
বেড়িরপাড়–চৌমুহনা: ১০ টাকা,
বেড়িরপাড়–কলেজ পয়েন্ট: ১০ টাকা,
চৌমুহনা–কলেজ পয়েন্ট: ৫ টাকা,
কুসুমবাগ–চৌমুহনা: ১০ টাকা
চৌমুহনা–ছড়ারপাড়: ১০ টাকা এবং
কলেজ গেইট–ওয়াপদা পয়েন্ট: ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় কিংবা যাত্রীসংখ্যা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ভাড়া কাঠামো না থাকায় চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে বিপাকে পড়েন।
এদিকে যাত্রীদের একটি বড় অংশ প্রশাসনের এ উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে নগর পরিবহন খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা পাবে এবং দীর্ঘদিনের অনিয়মের অবসান ঘটবে।