
মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি “একটি প্লাস্টিক দিন, একটি বৃক্ষ উপহার নিন”। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ দূষণ কমানো, প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা।
অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী জমা দেন। পরে তাদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এসময় পুরো অনুষ্ঠানস্থলজুড়ে পরিবেশবান্ধব সচেতনতার এক অনন্য আবহ তৈরি হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “প্লাস্টিক আজ পরিবেশের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে এখন থেকেই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবনও রক্ষা করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এসময় তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদী, খাল-বিল, কৃষিজমি ও শহরের ড্রেনেজ ব্যবস্থা প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতার বিকল্প নেই।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, শুধু একটি দিনের কর্মসূচি নয়, পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই তারা কাজ করছেন। ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এমন কর্মসূচি পরিচালনা করা হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতামূলক এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্লাস্টিক বর্জ্য কমাতে এবং মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।