
মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
জেলা কারাগার শুধু বন্দীশালা নয়, সংশোধনাগার হিসেবে গড়ে উঠতে হবে: জেলা প্রশাসক লুৎফুন নাহার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার গতকাল সোমবার (৮ জুন) দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, চিকিৎসাসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও চাহিদার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “কারাগারসমূহ শুধু বন্দীশালা হিসেবে সীমাবদ্ধ না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠতে হবে। বন্দিদের আত্মশুদ্ধি, সংশোধন এবং সমাজে পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।”
তিনি কারাগারে অনুষ্ঠিত বিভিন্ন মাসিক ও ত্রৈমাসিক কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি কারাগারের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাগারের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মির্জা শহিদুল ইসলাম, জেলার (ভারপ্রাপ্ত) মনির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।