
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ শিক্ষক ও সমাজসেবক মো. শাহজাহান মাস্টার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ঠিলাগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহজাহান মাস্টার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে টেংরা হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে দোয়ারাবাজার সদর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মানুষের ভোগান্তি কমানো ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নকে বিভক্ত করে পৃথক তিনটি ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিলেন বলে জানা গেছে।
এ ছাড়া মো. শাহজাহান মাস্টার দীর্ঘদিন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ড, বিচার-সালিশ ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।
তার সমর্থকদের দাবি, সাদাসিধে জীবনযাপন, দীর্ঘ শিক্ষকতা জীবন এবং জনবান্ধব কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের কাছে মো. শাহজাহান মাস্টারের একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
জীবনের শেষ পর্যায়ে আবারও জনপ্রতিনিধি হয়ে সুরমা ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করে মো. শাহজাহান মাস্টার বলেন, তিনি সুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে শেষবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।